স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি, পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত একজনসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) পাংশা থানা পুলিশের অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-০৯, জিআর নং-২২৯, তারিখ ১৭ নভেম্বর ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারার মামলার এজাহারনামীয় আসামি নিশাত শেখ (২৮) গ্রেফতার হয়েছেন। তিনি কুষ্টিয়া জেলার খোকসা থানার উত্তর শ্যামপুর (শিমুলিয়া) গ্রামের দেলবার হোসেনের ছেলে।
এ ছাড়া দুটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মাগুরাডাঙ্গী মধ্যপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মাসুম ও নোটা ভাঙ্গা গ্রামের মৃত বাচ্চু মন্ডলের ছেলে মো. সাচ্চু মন্ডলকে গ্রেফতার করা হয়।
তিনটি সিআর ওয়ারেন্টভুক্ত আসামি বাহাদুরপুর গ্রামের মঙ্গল সরদারের ছেলে রিপন সরদার, ধুলিয়াট গ্রামের মৃত কাদের খানের ছেলে মো. আব্দুল ওহাব খান (৬৫) এবং একই গ্রামের মৃত নিদে শেখের মেয়ে বিলকিছ খাতুনকেও তাঁদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে, পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী এলাকায় ইয়াবা সেবনের সময় মো. আলামিন মন্ডল (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মো. ইসলাম মন্ডলের ছেলে।
পরে সহকারী কমিশনার (ভূমি), পাংশা, রাজবাড়ীর পরিচালিত মোবাইল কোর্টে আলামিন মন্ডলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকল আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।