স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালীতে অবস্থিত সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ীতে ২০২৭ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ১২০টি, ৭ম শ্রেণিতে ২০টি, ৮ম শ্রেণিতে ১১টি এবং ৯ম শ্রেণিতে ৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তির আবেদন করতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.spscredu.com-এ প্রবেশ করে ADMISSION মেনু থেকে ONLINE ADMISSION SCHOOL অপশনে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এর সঙ্গে প্রযোজ্য অনলাইন চার্জ যুক্ত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ ডিসেম্বর ২০২৬ তারিখে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরবর্তীতে জানানো হবে।
ভর্তি পরীক্ষায় ৬ষ্ঠ শ্রেণির জন্য বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
অন্যদিকে, ৭ম থেকে ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া শ্রেণিভিত্তিক ভর্তির ক্ষেত্রে নির্ধারিত বোর্ড রেজিস্ট্রেশনের শর্ত রয়েছে। ৭ম শ্রেণিতে ভর্তির জন্য ৬ষ্ঠ শ্রেণিতে, ৮ম শ্রেণিতে ভর্তির জন্য ৭ম শ্রেণিতে এবং ৯ম শ্রেণিতে ভর্তির জন্য ৬ষ্ঠ ও ৮ম শ্রেণিতে বোর্ড রেজিস্ট্রেশন থাকতে হবে।
প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সব শ্রেণির ক্লাস সকাল ৮টা ৪০ মিনিটে শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে শেষ হবে।
সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান মাহফুজ স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।