স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে রাতের আঁধারে দুটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাছচাষি বায়েজিদ মৃধা (৩০)।
মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে ঋণ করে গড়ে তোলা তাঁর খামার এখন বড় ধরনের ক্ষতির মুখে। এতে ঋণের কিস্তি পরিশোধ ও পরিবারের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বায়েজিদ ওই গ্রামের মজিবর রহমান মৃধার ছেলে। বুধবার (১১ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে পুকুর দুটিতে অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখা যায়।
বায়েজিদ মৃধা জানান, তাঁদের নিজেদের প্রায় ৮ বিঘা আয়তনের দুটি পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে মাছ চাষ করে আসছেন। প্রায় ছয় মাস আগে পুকুর দুটিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন তিনি। নিয়মিত পরিচর্যায় মাছগুলো বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। মাছ বিক্রি করে অন্তত ১৫ থেকে ১৬ লাখ টাকা আয়ের আশা করেছিলেন তিনি। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে তাঁর সেই স্বপ্ন ভেঙে গেছে।
তিনি আরও জানান, মাছ চাষের জন্য কৃষি ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন। মাছ বিক্রির অর্থ দিয়ে ঋণ পরিশোধের পাশাপাশি সংসারের খরচ চালানোর পরিকল্পনা ছিল। তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের ছয় সদস্যের ভরণপোষণ এই মাছের খামারের আয়ের ওপর নির্ভরশীল। এখন মাছ মরে যাওয়ায় কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন এবং সংসার চালাবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
বায়েজিদের বাবা মজিবর রহমান মৃধা বলেন, তাঁর ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। কারও সঙ্গে কোনো বিরোধ বা ঝামেলাও নেই। এরপরও কারা এবং কী কারণে তাঁদের এমন বড় ক্ষতি করল, তা তাঁরা বুঝতে পারছেন না।
তিনি জানান, বুধবার সকালে পুকুরপাড়ে গিয়ে ছোট-বড় অসংখ্য মাছ মরে ভেসে থাকতে দেখেন তাঁরা। পরে জাল দিয়ে মরা মাছ সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করেন। তবে মরা মাছ হওয়ায় সেগুলোর তেমন দাম পাওয়া যাচ্ছে না। সারাদিনই পুকুরে নতুন করে মাছ মরে ভেসে উঠছে। অনেক মাছ আবার মরে পুকুরের তলদেশে ডুবে যাচ্ছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী মাছচাষি বায়েজিদ মৃধা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হবে।