স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির পলাশ মোল্লা (৫৮)। তিনি গোয়ালন্দ পৌরসভার জুরান মোল্লারপাড়া এলাকার মৃত ওয়াজউদ্দিন মোল্লার ছেলে। অপরজন দৌলতদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আক্তার সরদার। তিনি একই ইউনিয়নের শাহাদাৎ মেম্বারপাড়া এলাকার মৃত গোলাপ সরদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা নিউ ক্লাসিক্যাল নামের একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় বাসটির মালিক এস এম সুলতান আহমদ বাদী হয়ে ওই দিন বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে অগ্নিসংযোগের মামলায় সন্দেহভাজন হিসেবে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।