স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে রাতের আঁধারে এক কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে।
জমি থেকে পেঁয়াজের চারা তুলে ও কেটে নষ্ট করেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী কৃষক মহিউদ্দিন খান গোয়ালন্দঘাট থানায় এ জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মহিউদ্দিন খানের আড়াই বিঘা জমিতে প্রায় দেড় মাস আগে পেঁয়াজের চারা রোপণ করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই জমির প্রায় সাড়ে ১৬ শতাংশের পেঁয়াজের চারা তুলে ও কেটে নষ্ট করে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।
জিডিতে আরও বলা হয়, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে মহিউদ্দিন খান জমিতে গিয়ে পেঁয়াজের চারা নষ্ট করার বিষয়টি দেখতে পান। পরে বিষয়টি নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষকের ফসল এভাবে নষ্ট করা অত্যন্ত দুঃখজনক। অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করে কৃষক ফসল উৎপাদন করেন। যারা এ কাজ করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, ফসল নষ্টের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পেঁয়াজ একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এভাবে পেঁয়াজের চারা নষ্ট করা হলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।