স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:
রাজবাড়ীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, পুলিশি সেবার মানোন্নয়ন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে পাংশা মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।
মঙ্গলবার (১১ আগস্ট) বার্ষিক পরিদর্শনে থানায় পৌঁছালে পুলিশ সুপারকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন। একই সঙ্গে থানার গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন।
পরে তিনি থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পোশাকবিধি, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
তিনি বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। জনগণের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার পাশাপাশি দ্রুততম সময়ে আইনগত সেবা নিশ্চিত করতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বার্ষিক পরিদর্শনকালে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জসহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।