স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় সাড়ে নয় মাস দায়িত্ব পালন শেষে রংপুর বিভাগে পরবর্তী পদায়নের জন্য আদেশাধীন হয়েছেন। বিদায় উপলক্ষে রাজবাড়ীবাসীর উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের দেওয়া বার্তায় নিরুপমা রায় জানান, তিনি ২০২৫ সালের ৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন। এ সময়ে দাপ্তরিক, সামাজিক ও মানবিক দায়িত্বগুলো সুচারুভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিদায়ী বার্তায় তিনি বলেন, রাজবাড়ীর এই জনপদকে ভালোবেসে রাজবাড়ীবাসীর কল্যাণে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজবাড়ীবাসীর সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিরুপমা রায় জানান, ইউএনও হিসেবে পরবর্তী পদায়নের জন্য তিনি বর্তমানে রংপুর বিভাগে আদেশাধীন রয়েছেন। তাঁর নিজ জেলা রংপুর।
রাজবাড়ীর স্মৃতিচারণ করে তিনি বলেন, পদ্মাকন্যা রাজবাড়ী আমার হৃদয়ে সর্বদাই স্বমহিমায় অবস্থান করবে।
নিরুপমা রায়ের এই বিদায়ী বার্তায় দায়িত্ব পালনকালে রাজবাড়ীর মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতা ও ভালোবাসার প্রতি তাঁর কৃতজ্ঞতা এবং রাজবাড়ীর প্রতি গভীর টানের বিষয়টি ফুটে উঠেছে।