স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীতে প্রলোভন দেখিয়ে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আবু সাঈদ (৩০)-কে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাবের সহযোগিতায় বনানী থানার আওতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাঈদ রাজবাড়ী সদর উপজেলার আলিপুর গ্রামের শহিদের ছেলে।
র্যাব জানায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ দুপুরে রাজবাড়ী সদর এলাকায় ভুক্তভোগী তার চাচাতো বোনের সঙ্গে পুকুরপাড়ে বড়ই তুলতে গেলে পূর্বপরিচিত প্রতিবেশী আবু সাঈদ কৌশলে বোনটিকে সরিয়ে দেয়। পরে বড়ই পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে সে পালিয়ে যায়।
ভুক্তভোগী বাড়িতে ফিরে কান্নাকাটি করলে বিষয়টি জানতে পারেন তার মা এবং রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু হয়।
মামলার তদন্তের স্বার্থে র্যাব-১০ এর কাছে সহায়তা চাওয়া হলে একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।