স্টাফ রিপোর্টার: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী একটি ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী ‘কুমিল্লা’ ফেরিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেরিটি মাঝনদীতে থামিয়ে ফিরে গিয়ে উদ্ধার অভিযান চালানো হলেও রাত পর্যন্ত ওই নারীর সন্ধান মেলেনি।
ফেরিটির ভারপ্রাপ্ত মাস্টার আব্দুস ছাত্তার জানান, পাটুরিয়া ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝনদীর লাল বয়া এলাকায় পৌঁছালে যাত্রীদের কাছ থেকে জানতে পারেন, এক নারী ফেরির পেছনের দিক থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। তিনি নিজে ঘটনাটি প্রত্যক্ষ না করলেও খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি থামিয়ে ঘটনাস্থলে ফিরে গিয়ে আলো ফেলে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। তবে নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী ফেরিতে একাই ভ্রমণ করছিলেন। তার সঙ্গে কোনো স্বজন বা সহযাত্রী ছিলেন না বলে অন্য যাত্রীরা জানিয়েছেন। পরে বিষয়টি দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি কর্তৃপক্ষ এবং নৌপুলিশকে অবহিত করা হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ফেরি কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে। স্পিডবোট ব্যবহার করেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
পাটুরিয়া ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর নৌপুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসাইন বলেন, ফেরি থেকে নারী ঝাঁপ দেওয়ার খবর পেয়ে ফেরিটি ঘুরিয়ে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান চালানো হয়। পাশাপাশি বিষয়টি নৌপুলিশকে জানানো হয়েছে।
অন্যদিকে, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দৌলতদিয়া ঘাটে এ ধরনের ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে কোনো তথ্য পৌঁছেনি।
নিখোঁজ নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।সংগৃহীত