স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমির ওপর আধুনিক খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
এ লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্বাচন ও উপযুক্ততা যাচাই করতে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ইউএনও। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।
পরিদর্শনের সময় সম্ভাব্য জমির আয়তন, অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, ভূমির ধরন এবং স্থানীয় জনগণের জন্য ব্যবহারযোগ্যতা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়। মাঠ নির্মাণের জন্য সহজে যাতায়াতযোগ্য ও ইউনিয়নের কেন্দ্রীয় অবস্থানের সরকারি জমিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৮ বিঘা জমি চিহ্নিত করে পর্যায়ক্রমে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব মাঠ বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ বাড়বে এবং শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ, মেধাবী ও মানবিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতিটি ইউনিয়নে একটি করে মানসম্মত খেলার মাঠ নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে উপযুক্ত জমির তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
তিনি আরও বলেন, খেলার মাঠ নির্মাণে কোনো কৃষিজমি ব্যবহার করা হবে না। সরকারি খাসজমি বা অন্য উপযুক্ত সরকারি জমিকেই অগ্রাধিকার দেওয়া হবে, যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয় এবং স্থানীয় বাসিন্দারা নির্বিঘ্নে মাঠটি ব্যবহার করতে পারেন।