স্টাফ রিপোর্টার: আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
সভায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা হলরুমে আলোচনা সভা এবং বিকেলে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে।
অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এদিন বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা কোর্ট চত্বর মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এ ছাড়া সকাল ১০টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, বিকেল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ সময় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা জালাল উদ্দিন প্রামাণিক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম সফিসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।