স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সে জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মীর মনির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সমন্বয়ে প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।
এ সময় পুলিশ সুপার মীর মনির হোসেন টিআরসি পদপ্রার্থী ও তাঁদের অভিভাবকদের উদ্দেশে বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে মেধা, দক্ষতা এবং শারীরিক যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা সুপারিশের সুযোগ নেই।
তিনি আরও বলেন, নিয়োগপ্রার্থী কিংবা তাঁদের পরিবারের সদস্যরা যেন কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ নিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করলে তাঁদের কথায় বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।
নিয়োগ কার্যক্রমে বোর্ডের অন্যান্য সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।