স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. আবদুল কুদ্দুস খান। একই আদেশে কলেজটির বর্তমান অধ্যক্ষ আইয়ুব আলী সরদারকে বদলি করে রাজবাড়ী সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ড. মো. আবদুল কুদ্দুস খান বর্তমানে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে ইনসিটু দায়িত্ব পালন করছেন। তাঁকে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পাংশা সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ আইয়ুব আলী সরদারকে অধ্যাপক (রসায়ন) হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে রাজবাড়ী সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষরে জারি করা এ আদেশ জনস্বার্থে কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।