স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে বিদেশি সচল রিভলবার ও আট রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে ‘কালা মানিক (৩১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটক আরাফাত হোসেন ওরফে কালা মানিক রাজবাড়ীর পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে আরাফাত হোসেনের বসতঘরে একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত একটি বিদেশি সচল রিভলবার উদ্ধার করা হয়।
এ ছাড়া ঘটনাস্থল থেকে রিভলবারের আট রাউন্ড গুলি এবং Winstar ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেন ওরফে কালা মানিকের বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(ক)/১৯(এফ) ধারায় পাংশা থানায় মামলা দায়ের করেন।
পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আটক আরাফাত হোসেন ওরফে কালা মানিককে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।