শিরোনাম
রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা

রাজবাড়ীতে নৌকা বাইচের ফাইনালে সংঘর্ষ, ডুবে গেল ৮০ মাঝি-মাল্লাবাহী নৌকা

স্টাফ রিপোর্টার / ১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

0Shares

দুই নৌকার প্রতিযোগীদের মধ্যে হামলা-সংঘর্ষের অভিযোগ, আহত অন্তত ২০; হাসপাতালে ভর্তি ১৪
স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার শেষ দিনে ফাইনাল টানকে কেন্দ্র করে দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিউ জনতার সংগ্রাম নামের একটি নৌকার লোকজনের হামলায় প্রায় ৮০ জন মাঝি-মাল্লাবাহী ‘নিউ শারিরভিটা নামের নৌকাটি ডুবে যায় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আয়োজক কমিটির সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৪ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর গোদার বাজারসংলগ্ন পদ্মা নদীর লালগোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, ফাইনাল টানের শেষ পর্যায়ে দুই নৌকার প্রতিযোগীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে নিউ শারিরভিটা নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে প্রতিযোগিতার পেছনে থাকা দৌলতদিয়া নৌপুলিশ ও আশপাশের অন্যান্য নৌকার লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টদের সহায়তায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।

রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে রয়েছেন লতিফ সরদার, সুজাত, মাসুদ শেখ, রাকিব শেখ, রওশন মোল্লা, শাহিন শেখ, সাদ্দাম শেখ, ইসরাইল ও আলাউদ্দিনসহ ১৪ জন। তাঁদের মধ্যে ১২ জন ‘নিউ শারিরভিটা’ নৌকার মাঝি-মাল্লা বলে জানা গেছে।

আয়োজক কমিটির অভিযোগ, ইচ্ছাকৃত হামলা
আয়োজক কমিটির সদস্য মো. গোলাম মোস্তফা অভিযোগ করেন, ফাইনাল টানের শেষ পর্যায়ে পিছিয়ে পড়ার পর নিউ জনতার সংগ্রাম নৌকার লোকজন ইচ্ছাকৃতভাবে ‘নিউ শারিরভিটা নৌকার মাঝি-মাল্লাদের ওপর হামলা চালান। এতে নৌকাটি ডুবে যায় এবং কমিটির চার সদস্যসহ মোট ১৭ জন আহত হন বলে তিনি দাবি করেন।

তিনি আরও জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কমিটির পক্ষ থেকে তাঁদের খোঁজখবর রাখা হচ্ছে। এখন পর্যন্ত কারও নিখোঁজ হওয়ার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনার পর প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।

লগি-বৈঠা দিয়ে হামলার অভিযোগ দলনেতার
নিউ শারিরভিটা’ নৌকার দলনেতা তৈয়ব আলী তপন অভিযোগ করেন, ফাইনাল টানের শেষ পর্যায়ে পিছিয়ে পড়ার পর ‘নিউ জনতার সংগ্রাম’ নৌকার লোকজন তাঁদের নৌকার ওপর চড়াও হন। এ সময় লগি ও বৈঠা দিয়ে হামলা চালিয়ে তাঁদের নৌকাটি ডুবিয়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

তৈয়ব আলী তপন বলেন, হামলায় তাঁদের অনেক মাঝি-মাল্লা আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও মাথা ফেটেছে, আবার কারও হাত-পা ভেঙেছে বলে তিনি জানান। এ ছাড়া একজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে সবাই একত্রিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান দলনেতা।

তিনি আরও বলেন, তাঁদের নৌকাটি তৈরি করতে প্রায় ১৩ লাখ টাকা ব্যয় হয়েছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, ঘটনার সময় তাঁরা কাছাকাছি অবস্থানে ছিলেন। ফলে দুর্ঘটনা ও সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌপুলিশ এবং আশপাশে থাকা অন্যান্য নৌকার লোকজন উদ্ধারকাজে অংশ নেন। তাঁর কাছে এখন পর্যন্ত কারও নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য নেই।

সংস্কৃতি প্রতিমন্ত্রীর উদ্বোধনে শুরু হয়েছিল নৌকা বাইচ
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর গোদার বাজারসংলগ্ন পদ্মা নদীতে তিন দিনব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তবে শেষ দিনের ফাইনাল টানে সংঘর্ষ ও নৌকা ডুবির ঘটনায় প্রতিযোগিতার আনন্দঘন পরিবেশ বিষাদে পরিণত হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg