স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং আগামী ১০ নভেম্বরের লকডাউন সফল করার আহ্বান জানিয়ে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ৭টার পর ফেসবুকে মশাল মিছিলের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে মশাল হাতে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।
এ সময় তাঁদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এবং ১০ তারিখের হরতাল সফল হোক, সফল হোক এমন স্লোগান দিতে শোনা যায়। এ ছাড়া হক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বলেও স্লোগান দিতে শোনা যায়।
এদিকে, রাত ৭টার দিকে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন শিরোনামে মশাল মিছিলের ভিডিওটি আপলোড করেন।
ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের পক্ষ থেকে রাজবাড়ীর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্বাগত মিছিল।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, মশাল মিছিলের একটি ভিডিও তাঁর নজরে এসেছে। তবে মিছিলটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা এখনো জানা যায়নি। নূরে আলম সিদ্দিকীর বাড়ি কালুখালী উপজেলায়। ওই এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি রাজবাড়ী পুলিশ তৎপর রয়েছে।