স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর (লস্করপাড়া) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব মাহমুদ পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর (লস্করপাড়া) গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি বাবুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রাকিব মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচার ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ বিষয়ে তদন্তে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া তিনি পাংশা থানায় ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা ৫ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর রাকিব মাহমুদকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।