স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাবুল শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। তিনি গোয়ালন্দ পৌরসভা তরুণ দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকায় রাজ্জাক শেখের মুদি দোকানের পাশের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৭ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৮০০ টাকা।
গ্রেপ্তার বাবুল শেখ কুমড়াকান্দি এলাকার বাদল শেখের ছেলে।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, রোববার রাতে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুমড়াকান্দি এলাকায় রাজ্জাক শেখের মুদি দোকানের পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাবুদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের জন্য এজাহার করেন।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর ইসলাম জানান, গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে বাবুল শেখ সামান্য আহত হন। পরে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধার করা ইয়াবাসহ তাকে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।