স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে লাল স্কুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সিজন-৩-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে খান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে শেখ রায়হান ফুটবল একাদশ।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার দক্ষিণ উজানচর মইজদ্দিন মণ্ডলপাড়া এলাকায় লাল স্কুল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে শেখ রায়হান ফুটবল একাদশ ও খান স্পোর্টিং ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। খেলায় শেখ রায়হান ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে। পয়েন্টভিত্তিক পদ্ধতিতে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান মাস্টার।
উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মৃধা সঞ্চালনা খেলাটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মোস্তম আলী মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. ফরিদ দেওয়ান, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. চুন্নু মীর এবং উজানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন মণ্ডলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো,চাচা-ভাতিজা ফুটবল একাদশ, মণ্ডল ট্রেডার্স, মণ্ডল সুপার কিং, আরহাম ফুটবল একাদশ, আমজাদ স্মৃতি সংঘ, আফরিন টাইগার্স, খান স্পোর্টিং ক্লাব ও শেখ রায়হান ফুটবল দল।
আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এ সময় আয়োজক কমিটির সদস্য, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।