স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে সেবাগ্রহীতার কাছ থেকে অনৈতিক সুবিধা (ঘুষ) গ্রহণের অভিযোগ ওঠা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জ্যেষ্ঠ সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শাওকত মেহেদী সেতু স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৪ আগস্ট কালুখালী ইউএনও কার্যালয়ে বসে আফরোজা চৌধুরীর ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নিজের অফিস কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে ব্যাগে রাখতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আফরোজা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়।
জেলা প্রশাসনের ওই প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, আফরোজা চৌধুরীকে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে কালুখালী উপজেলা থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থল চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১০ সেপ্টেম্বর বিকেলে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।