মো.ইব্রাহিম আশি উর্ধ্ব একজন যাযাবর। দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলায় করেছেন ভিক্ষাবৃত্তি। বিভিন্ন জেলা ঘুরে এখন তিনি রাজবাড়ী জেলায়। আজ শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা শহরের পান্নাচত্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন রাস্তার পাশে। নজরে পড়ে কিছু তরুণের।
তৎক্ষণাৎ তারা ফোন দেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মিজানুর রহমানকে। মিজানুর রহমান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারকে নির্দেশ দেন বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধারের।
সদর থানার ওসি স্বপন কুমার মজুমদারের নির্দেশে এএসআই শহিদ ঘটনাস্থলে আসেন এবং তরুণদের সহায়তায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যান সেই সাথে তিনি রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মাজহারুল ইসলামকে বিষয়টি অবহিত করেন।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.তাইরাম মাহমুদ বৃদ্ধি রোগীকে দেখে তাকে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে বলেন।
রাজবাড়ী সদর হাসপাতালে তখন জেলা সমাজ সেবার প্রবেশন অফিসার মাজহারুল ইসলাম, রাজবাড়ী সদর হাসপাতাল সমাজ সেবা অফিসার মো.রফিকুল ইসলাম,এএসআই শহিদ, স্বেচ্ছাসেবী তরুণ মিকাইল, ইয়ামিন,হৃদয়,রেশাদ,সাদমান,রবিন,শান্ত,সৈকত,সালমান এবং রিয়াদ বৃদ্ধ যাযাবর কে হাসপাতালে ভর্তি করে এবং তার চিকিৎসার জন্য যাবতীয় সহযোগিতা প্রদান করেন।
বৃদ্ধকে উদ্ধার করা স্বেচ্ছাসেবি তরুণ মিকাইল এবং পুলিশের সাথে কথা বলে জানা যায়,বৃদ্ধ জানিয়েছেন তার বাড়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার গোপালপুর গ্রামে।
বৃদ্ধ যাযাবরের শারিরীক অবস্থা জানতে চাইলে রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. তাইরাম বলেন,” সেভাবে ওনার কোন জটিল অসুখ আছে বলে আপাতত মনে হচ্ছে না। দূর্বলতার কারনে এবং বয়সের জন্য মাথা ঘুরে পড়ে গেছিলেন। আমরা ঔষুধ দিয়েছি। মাথার আঘাত ড্রেসিং করে দিয়েছি। আশা করি সুস্থ হয়ে উঠবেন।
পরে রাজবাড়ী টেলিগ্রাফের বিজ্ঞাপন ও বিপণন পরিচালক ও রাজবাড়ী সার্কেলের এডমিন জুবায়েদ হাসান রাকিব তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে বৃদ্ধ যাযাবরের চিকিৎসা সেবা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
সুকান্ত বিশ্বাস।। রাজবাড়ী