স্টাফ রিপোর্টার”পদ্মা নদীতে প্রবল ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল জানান, পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
এদিকে, ফেরি চলাচল পুরোপুরি বন্ধ না হলেও সীমিত আকারে চালানো হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “বর্তমানে আমাদের বহরে ১৫টি ফেরি থাকলেও ঝড়ো বাতাস ও নদীতে ঢেউয়ের কারণে ৪ থেকে ৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।”
বৈরী আবহাওয়া অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করেছেন।